বলিউডের লারা দত্ত থেকে টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ‘ডেটিং অ্যাপে’ ভুয়ো প্রোফাইল হওয়ায় আগেও ভুক্তভোগী হয়েছেন তারা। এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের নামও। খবর আনন্দ বাজার
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার এক স্টোরিতে অভিনেত্রী লেখেন, ‘আমার নামে একটি ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল খোলা হয়েছে। এই ঘটনায় কিছুটা আতঙ্কিত তিনি। দেবচন্দ্রিমার আশঙ্কা, ওই প্রোফাইল থেকে হয়তো কারও সঙ্গে কথাও বলা হয়েছে। যদি কেউ ভেবে বসেন, তিনি অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে কথা বলছেন, সেটাই সবচেয়ে বড় চিন্তার বিষয় বলে জানান তিনি।
তাই নায়িকা লেখেন, ‘আমি কখনও ডেটিং অ্যাপে প্রোফাইল খুলি না। আমার বয়সও এমন জায়গায় পৌঁছেছে যে, এই অ্যাপের প্রতি কোনও আকর্ষণ নেই। কোনও দিনই এই ধরনের অ্যাপে আমার কোনও প্রোফাইল ছিল না।’
আরও পড়ুন: শাহজালালে বিমানে বোমা আতঙ্ক, চলছে তল্লাশি
তবে এই ধরনের অ্যাপের বিরোধিতা করছেন না দেবচন্দ্রিমা। তিনি বলেন, ‘অনেকে এই মাধ্যম থেকে সত্যিই মনের মানুষ খুঁজে পেয়েছেন। আমি সে কথা অস্বীকার করছি না। কিন্তু আমার এতে কোনও আগ্রহ নেই। তাই কেউ যদি আমার নামে খোলা প্রোফাইল দেখে কথাবার্তা বলেন, তবে জেনে রাখুন, সেটা সম্পূর্ণ ভুয়ো।’
বর্তমানে দেবচন্দ্রিমা রয়েছেন থাইল্যান্ড সফরে। সেখান থেকে নিয়মিত নানা ছবি শেয়ার করছেন তিনি। বন্ধু অদ্রিজা রায়ের সঙ্গে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিচ্ছেন ইনস্টাগ্রামে।
কিছু দিন আগেই তিনি জানান, কয়েক মাস ধরে তিনি ‘নিরামিষ খাদ্য’ গ্রহণ করছেন। এ প্রসঙ্গে দেবচন্দ্রিমা বলেন, ‘কাউকে অনুসরণ করে বা কোনও আধ্যাত্মিক কারণে মাছ-মাংস খাওয়া ছেড়ে দিইনি। সত্যিই আর খেতে ইচ্ছা করে না। চার মাসের বেশি হয়ে গেল, আমি আমিষ খাই না। ছোটবেলা থেকেই পাঁঠার মাংস কখনওই ভাল লাগত না। মাছও খুব একটা খেতাম না।’