যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার ‘আকর্ষণীয়’ প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান

  • আপলোড সময় : 11-07-2025 08:31:58 PM
news 1st

২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশের একটি যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার আকর্ষণীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার ও রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

 

যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার জন্য জিদানকে যে প্রস্তাব দেয়া হয়েছিল তা ছিল বেশ আকর্ষণীয়। মোটা অংকের টাকা বেতন দেয়ার পাশাপাশি অন্যান্য সকল সুযোগ সুবিধা দেয়ার প্রস্তাবও করা হয়েছিল জিদানের নিকট। কিন্তু যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবে না করে দিয়েছেন জিদান। 

আরও পড়ুন: রেকর্ড পাঁচবার বর্ষসেরা প্লেমেকার অ্যাওয়ার্ড জিতলেন মেসি

মূলত ফ্রান্সের কোচ হওয়ার দিকেই বেশি মনোযোগ ছিল জিদানের। কিন্তু জিদানের সেই ইচ্ছেও আপাতত পূরণ হচ্ছে না। কারণ, বর্তমান কোচ দিদিয়ের দেশমের সঙ্গে নতুন করে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ফ্রান্সের ফুটবল সংস্থা।

যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্বে ছিল গ্রেগ বারহল্টার। গত সপ্তাহে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন হাই-প্রোফাইল কোচের সন্ধানে যুক্তরাষ্ট্র। আর সেক্ষেত্রে দেশটির প্রথম পছন্দ ছিল জিদান। আপাতত, দেশটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অ্যান্থনি হাডসনকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

এদিকে, জিদান না করে দেওয়ায় মরিসিও পচেত্তিনো, মাউরো বিয়েলসার, ব্রাজিলের সাবেক কোচ তিতে, স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের মতো কোচরাও যুক্তরাষ্ট্রের চিন্তাভাবনায় থাকতে পারে। যদিও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কাকে কোচ হিসেবে নিয়োগ দেয় সেটি এখনও চূড়ান্ত নয়। সূত্র: গোল ডটকম